মোহাম্মদ আলীর শৈশবের শহর কেন্টাকির লুইসভিলে নিয়ে যাওয়া হয়েছে কিংবদন্তী বক্সারের মরদেহ। শুক্রবার লুইসভিলেতে জানাযা শেষে মুসলিম রীতি অনুযায়ী সর্বকালের সেরা এই ক্রীড়াবিদকে দাফন করা হবে।
জীবনের শেষ ক’টা বছর আলী সপরিবার অ্যারিজোনায় বাস করেছেন। সেখানেই এক হাসপাতালে শুক্রবার মারা যান তিনি।
সোমবার ভোরে বিমানে করে মোহাম্মদ আলীর মরদেহ তার প্রিয় শহর লুইসভিলে নিয়ে যাওয়া হয়। আলীর পরিবারিক মুখপাত্র বব গানেল জানিয়েছেন, শুক্রবার দাফনের আগে মরদেহ স্থানীয় এক হাসপাতালের হিমঘরে রাখা হবে।
তার স্মরণে লুইসভিলের ইসলামিক সেন্টারে আয়োজন করা হয় প্রার্থনা সভার। শহরের মেয়র গ্রেগ ফিসার এবং ইসলামিক সেন্টারের কর্মকর্তা মোহাম্মদ বাবরের কণ্ঠে ছিলো অভিন্ন সুর: একজন বিশ্বসেরা মুষ্টিযোদ্ধা কিংবা প্রতিবাদী মানুষই শুধু নন, মোহাম্মদ আলী ছিলেন সারা দুনিয়ার জননন্দিত নায়ক।








