আরিফ চৌধুরী, নিউজিল্যান্ড: নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় ও শেষ টি২০ ম্যাচ রোববার। দুর্দান্ত ছন্দে থাকা হোস্ট নিউজিল্যান্ড এরই মধ্যে সিরিজ জিতে নিলেও শেষ ম্যাচে ভালো কিছুর আশা নিয়েই মাঠে নামবে টিম-বাংলাদেশ। মাউন্ট মংগানুইয়ের বে-ওভালে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৮টায়।
নেপিয়ারে ৬ উইকেটে আর মংগানুইয়ে দ্বিতীয় ম্যাচে ৪৭ রানের বড় পরাজয় বাংলাদেশের। এক ম্যাচ আগেই ওয়ানডের মতো টি-টুয়েন্টি সিরিজও জিতে নিয়েছে হোস্ট নিউজিল্যান্ড। হাতে থাকা শেষ ম্যাচই এখন টাইগারদের সম্বল। তবে, খেলোয়াড়দের মানসিক চাপে না রাখতে ম্যাচের আগের দিন বাংলাদেশ টিমের অনুশীলন ছিলো ঐচ্ছিক।
মাশরাফি-সাকিব-ইমরুল-সাব্বির বিশ্রামে ছিলেন। তাদের বাদ দিয়ে বে-ওভালে ঘাম ঝড়িয়েছেন বাকিরা। কোচিং ম্যানেজমেন্টের সময় বেশি কেটেছে টেস্ট ক্যাপ্টেন মুশফিকুর রহিমকে নিয়ে। ইনজুরিতে পড়ার পর এই প্রথম নেটে ব্যাটিং করেছেন মুশি। কিপিংটাও ঝালাই করেছেন ভালো করে। বোঝাই যায়, রোববার শেষ টি-টুয়েন্টি হলেও সব চিন্তা আসলে টেস্ট সিরিজ ঘিরে।
তবে টেস্ট সিরিজের আগে টি-টুয়েন্টি সিরিজটা অন্ততঃ এক জয় দিয়ে শেষ করার ইচ্ছা টিমের। তবে এর মাঝেও রয়েছে মোস্তাফিজ ভাবনা। শেষ টি২০তে খেলতে পারবেন তো কাটার মাস্টার! ফিজিও কোনো সমস্যা না দেখলেও-মোস্তাফিজই নাকি চাইছেন বিশ্রাম। আর শেষ টি২০তে মোস্তাফিজকে বিশ্রাম দিতে চাইলে একাদশে চলে আসবেন তাসকিন আহমেদ।
তামিম ইকবাল জানিয়েছেন, টানা পাঁচ ম্যাচে হারলেও দলের সবার মধ্যেই নিজেদের শক্তির উপর বিশ্বাস আছে। শেষ টি-টুয়েন্টিতে দলে দুয়েকটা পরিবর্তন হলেও হতে পারে। তবে টিম বাংলাদেশের দুঃসময়ে ভক্তদের আস্থা রাখতে বলছেন টাইগার এই ওপেনার।








