ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ফ্লোরিডার লডারহিলে আগের ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেই খেলতে নামছে সাকিব আল হাসানের দল।
উইন্ডিজ একাদশে এসেছে একটি পরিবর্তন। এভিন লুইসের জায়গায় খেলছেন চ্যাডউইক ওয়ালটন।
সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি ১২ রানে জিতে সিরিজে ১-১ সমতা এনেছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচ রূপ নিয়েছে অলিখিত ফাইনালে।
এই ম্যাচ জিতলে বিদেশের মাটিতে দ্বিতীয়বার টি-টুয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ।
রোববার দ্বিতীয় ম্যাচে টস হেরে আগে ব্যাট করে বাংলাদেশ তুলেছিল ১৭১ রান। ওয়েস্ট ইন্ডিজ থামে ১৫৯ রানে।
মার্চে শ্রীলঙ্কায় নিধাস ট্রফির ফাইনাল থেকে টানা পাঁচটি টি-টুয়েন্টি ম্যাচ হারের পর জয়ের মুখ দেখে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি।







