বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের মেয়েদের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ শেষ হলো হতাশাজনক পারফরম্যান্সে। হেসেখেলে টানা তিন ওয়ানডেতেই স্বাগতিকদের হারাল অ্যালিসা হিলির দল। সিরিজজুড়ে বিন্দুমাত্র লড়াই জমাতে পারেনি টিম টাইগ্রেস। হতে হয়েছে বিধ্বস্ত। ব্যাটিংয়ে অসহায় আত্মসমর্পণে নিগার সুলতানা জ্যোতির দলের নিবেদন হয়েছে প্রশ্নবিদ্ধ। আগামী রোববার তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটি।
বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশকে ৮ উইকেটে হারায় অস্ট্রেলিয়া। ৯০ রানের সহজ লক্ষ্যে সফরকারীরা পৌঁছায় ১৮.৩ ওভারে দুটি উইকেট হারিয়ে। দলীয় ৪৩ রানে লিচফিল্ডকে (১২) ফিরতি ক্যাচে ফেরান অফস্পিনার সুলতানা খাতুন।
দলীয় ৫৪ রানের মাথায় দারুণ খেলতে থাকা অ্যালিসাকে এলবিডব্লিউ করেন লেগ স্পিনার রাবেয়া খান। ৩৪ বলে ৩৩ রান করে ফেরেন অজি অধিনায়ক। অ্যালিসা পেরি ২৭ ও বেথ মুনি ২১ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে নিয়ে যান জয়ের বন্দরে।
৯৫, ৯৭, ৮৯। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের স্কোর। ব্যাটিংয়ে আবারও অন্ধকারে ডুবে ছুঁতে পারেননি তিন অঙ্ক। আরও অল্পতে গুটিয়ে যেতে পারত টিম টাইগ্রেস। ৬৩/৯ থেকে সুলতানা খাতুন ও মারুফা আক্তারের লড়াইয়ে ৮৯ রান অব্দি পৌঁছায় বাংলাদেশ। দশম উইকেটে আসা ২৬ রান স্বাগতিকদের ইনিংসের সর্বোচ্চ জুটি।
বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ১৬ ও স্বর্ণা আক্তার ১০ রান করেন। অন্যরা দুই অঙ্ক ছুঁতে পারেননি। তিন ব্যাটার আউট হন রানের খাতা খোলার আগেই।
আগের দুটি ম্যাচে ফারজানা হক পিংকির সঙ্গে ওপেনিংয়ে জুটি বেধেছিলেন সোবহানা মোস্তারি। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে সোবহানার জায়গায় সুযোগ পান সুমাইয়া আক্তার।বাংলাদেশের হয়ে একটি টি-টুয়েন্টি খেলা সুমাইয়া ওয়ানডে অভিষেকে হতাশ করেন। ফেরেন শুণ্য রানে। অপর ওপেনার ফারজানাও টিকতে পারেননি বেশিক্ষণ। ৫ রান করে ফিরে যান সাজঘরে।
বড় বিপর্যয় মাঝখানে। ৫৩ থেকে ৬৩ রানে যেতে ৪ উইকেট হারায় বাংলাদেশ।
টাইগ্রেস ইনিংসে শুরুর ধস নামান কিম গার্থ। অজি পেসার তুলে নেন তিন উইকেট। এলিসা পেরি ও সোফি দুটি করে উইকেট নেন।








