আশা জাগিয়ে শেষ পর্যন্ত ডারবান টেস্টে পেরে ওঠেনি বাংলাদেশ। সাউথ আফ্রিকার বিপক্ষে মুমিনুল হকের দল হেরেছে বড় ব্যবধানেই। আগের টেস্টে চার দিন পর্যন্ত ভালোই লড়াইয়ে ছিল টিম টাইগার্স। শুক্রবার শুরু হতে যাওয়া পোর্ট এলিজাবেথ টেস্টে ভিন্ন এক চ্যালেঞ্জের কথা জানালেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।
বিসিবির ভিডিও বার্তায় প্রোটিয়া সাবেক পেসার বলেন, ‘এখানকার বাতাসে মানিয়ে নেওয়া হবে বড় চ্যালেঞ্জ। পোর্ট এলিজাবেথে একটি ব্যাপারের সঙ্গে মানিয়ে নিতে হবে, তা হচ্ছে বাতাস। সাড়ে ১২টা থেকে ২টার মধ্যে প্রবল বাতাস আসে এখানে। দল হিসেবে আমরা সেটি নিয়ে কথা বলেছি। উঁচু ক্যাচ নেওয়া এখানে সত্যিকারের স্কিলের ব্যাপার। বাঁক খাওয়ানো ক্যাচ, লম্বা ক্যাচিংয়ের অনুশীলন অনেক করতে হবে আমাদের।
অ্যালান ডোনাল্ড আরও বলেন, `জানতে হবে, কোন পাশ থেকে বাতাস আসছে। বিকেলের শেষভাগে স্কোরবোর্ডের দিক থেকে ৪০-৪৫ কিলোমিটার বেগে বাতাস আসে। এটার সঙ্গে মানিয়ে নিতে হবে। এই মাঠ অনেকটা উইন্ড টানেল-এর মতো, স্কোরবোর্ড থেকে মাঠের ভেতর দিয়ে। এই বাতাস আবার ঘুরতে থাকে। বোলারদের কখনও মনে হয় বাতাসের অনুকূলে বোলিং করছে, হুট করেই আবারও মনে হবে বাতাসের প্রতিকূলে। বাতাস ঘুরতেই থাকে।’
প্রথম টেস্টে প্রোটিয়াদের কাছে হেরে সিরিজ হারানোর মুখে রয়েছে মুমিনুল বাহিনী। আগামী ৮ এপ্রিল পোর্ট এলিজাবেথের সেইন্ট জর্জ পার্কে দ্বিতীয় টেস্ট শুরু হবে।









