ফ্রেঞ্চ ক্লাব লিলকে ২-১ গোলে হারিয়েছে চেলসি। দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের টিকেট কেটেছে থমাস টুখেলের দল।
আরেক খেলায় ভিয়ারিয়ালের কাছে ৩-০ গোলে হেরেছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে পিছিয়ে থাকায় শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে তুরিনের বুড়োরা।
বুধবার রাতে লিলের মাঠে হওয়া ম্যাচের ৩৮ মিনিটে গোল হজম করে চেলসি পিছিয়ে পড়েছিল। ডি-বক্সের ভেতর ইতালিয়ান মিডফিল্টার জর্জিনহোর হাতে বল লাগে। ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে গোল করেন তুর্কি ফরোয়ার্ড বুরাক ইলমাজ।
বিরতির ঠিক আগে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জর্জিনহোর পাসে বল পেয়ে কঠিন অবস্থান থেকে ডান পায়ে নেয়া শটে লক্ষ্যভেদ করে সমতা টানেন ক্রিস্টিয়ান পুলিসিচ।
৭১ মিনিটে ম্যাসন মাউন্টের ক্রসে বল নিয়ে ডান পায়ে নিশানাভেদ করে চেলসিকে শেষ আটের টিকেট পাইয়ে দেয়ায় ভূমিকা রাখেন সেসার আসপিলিকুয়েতা।
অপরদিকে, আলিয়াঞ্জ অ্যারেনায় ঘরের মাঠে ভিয়ারিয়ালের বিপক্ষে ১৪ মিনিটের ঝড়ে উড়ে গেছে জুভেন্টাস। অথচ গোটা ম্যাচে বল দখল ও শট নেয়ায় তারাই এগিয়ে ছিল।
ডি-বক্সের ভেতর ড্যানিয়েল রুগানি প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করেন। ভিএআরের শরণাপন্ন হয়ে পেনাল্টির সংকেত দেন রেফারি। ৭৮ মিনিটে স্পট কিক থেকে গোল করে সেভিয়াকে লিড এনে দেন জেরার্ড মরেনো।
সাত মিনিট পর সের্গে অরিয়েরের কর্নার কিক থেকে বল নিয়ে ডান পায়ে বল জালে জড়িয়ে ব্যবধান বাড়ান পাউ তরেস। এরপর ডি-বক্সের ভেতর ম্যাথিয়াস ডি লিটের হাতে বল লাগায় আবারো পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আরনাউত দানজুমা স্পট কিক থেকে গোল করে তুরিনের বুড়োদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন।








