আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় পরিদর্শনে এসেছেন ইউএস ইন্সটিটিউট অব পিস’র প্রতিনিধি দলের সদস্যরা। আজ বিকাল ৪টায় কার্যালয় পরিদর্শনে যান তিন সদস্যের প্রতিনিধি দল।
মার্কিন প্রতিনিধি দলে আছেন- ইশা গুপ্তা, ড্যানিয়ে মারকেই এবং জিওফ্রে ম্যাকডোনাল্ড। প্রতিনিধি দলকে ফুল দিয়ে স্বাগত জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান। এসময় আরও উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এনাম আহমেদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, উপ দপ্তর সম্পাদক সায়েম খান।
এর আগে গত সোমবার দুপুরে রাজধানীর বনানীর শেরাটন হোটেলে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষকদের একটি প্রতিনিধি দল। সেদিন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈঠকে নেতৃত্ব দেন। বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রতিনিধি দলের সদস্যরা। একই দিন সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গেও বৈঠক করেন তারা।
মার্কিন যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন (পিইএএম) পরিচালনা করতে প্রতিনিধি দলটি গত শনিবার ঢাকায় আসে। প্রতিনিধি দলটির আজ ঢাকা ছাড়ার কথা রয়েছে।







