শত বছর পার হওয়া ইসাহাক আলী মাস্টার আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে শেষবারের মতো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে সামনে থেকে দেখতে অনুভূতির ঝুলি নিয়ে এসেছিলেন।
কুষ্টিয়া সদর থানার আবদুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন তিনি। পাশাপাশি ছিলেন চার বারের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানও।
ইতিহাসের সাক্ষী ইসাহাক মাস্টারের সক্রিয় অংশগ্রহণ ছিল ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন এবং স্বাধীনতা যুদ্ধে রেখেছিলেন সংগঠকের ভূমিকা।
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনে অংশ নিতে আসা ইসাহাক মাস্টারের ছবি এখন সামজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু।
অনেকেই তার ছবি পোস্ট করে নানা মন্তব্য করেছেন। নিয়াজ জামান নামে একজন ফেসবুক ব্যবহারকারী তার ছবি শেয়ার করে লিখেছেন: ১০৪ বছর বয়সের মোঃ ইসাহাক আলী মাস্টারদের অনুভূতি নিয়ে গড়ে তোলা দলের নাম বাংলাদেশ আওয়ামী লীগ।







