ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দুইবার ফাইনাল খেলেছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। একবার খেলেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দুদলই ফাইনালে হেরে দেখেনি শিরোপার মুখ। তবে টি-টুয়েন্টি টুর্নামেন্ট দিয়ে সে আক্ষেপ ঘুচতে যাচ্ছে যেকোনো একটি দলের।
সোমবার ঢাকা প্রিমিয়ার টি-টুয়েন্টির ফাইনালে মুখোমুখি হচ্ছে শেখ জামাল ও প্রাইম দোলেশ্বর। শের-ই-বাংলা স্টেডিয়ামে শিরোপার দ্বৈরথ শুরু সন্ধ্যা ৬টায়। ম্যাচটি সরাসরি দেখাবে গাজী টিভি। টিকিট ছাড়াই গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা।
আগামী ৮ মার্চ শুরু হবে ঘরোয়া ক্রিকেটের আসল লড়াই, ওয়ানডে সংস্করণের ঢাকা লিগ। তার আগে টি-টুয়েন্টি টুর্নামেন্টকে ওয়ানডে লিগের একধরণের প্রস্তুতি মনে করছেন ক্লাব কর্তৃপক্ষ ও খেলোয়াড়রা।
ওয়ানডে সংস্করণের ঢাকা প্রিমিয়ার লিগের সঙ্গে টি-টুয়েন্টি টুর্নামেন্ট মাঠে গড়িয়েছে লম্বা সময় পর। আর তা দিয়েই শিরোপার আক্ষেপ মেটানোর হাতছানি দুটি দলের সামনে।
২০১৪-১৫ ও ২০১৫-১৬, পরপর দুই মৌসুমে ওয়ানডে লিগে রানার্সআপ হয় দোলেশ্বর। ২০১৫ সালে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এবং ২০১৬ সালে আবাহনী লিমিটেডের কাছে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ হয় বুড়িগঙ্গাপাড়ের ক্লাবটির। শেখ জামাল ফাইনাল খেলে ২০১৩-১৪ মৌসুমে। গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সের কাছে হেরে শিরোপার স্বপ্ন ভাঙে তাদের।
প্রথম শিরোপা জয়ের লড়াইয়ে নামার আগে রোববার মিরপুরে অনুশীলন সেরেছে শেখ জামাল ও প্রাইম দোলেশ্বর। সকালে প্রতিপক্ষ দলকে সমীহ করে দোলেশ্বর অধিনায়ক ফরহাদ রেজা বলে যান, ‘আসলে ওরা অনেক ভালো টিম। শেষদিকে ওরা অনেক ভালো খেলছে। জিয়া আছে এবং কিছু পাওয়ার হিটার আছে। আমরা চাইব আমাদের কাজগুলো ঠিকমতো করতে, দেখা যাক কী হয়। দুইটা দলই সমান, টি-টুয়েন্টি খেলায় যে যেদিন ভালো খেলবে সেই জিতবে।’
শেখ জামাল অনুশীলনে নামে দুপুরে। বিকেলে ট্রফি হাতে আনুষ্ঠানিক ফটোসেশনের পর দলটির অধিনায়ক নুরুল হাসান সোহান বললেন, ‘টি-টুয়েন্টিতে বড় দল ছোট দল নেই। যারা যেদিন ভালো খেলে তাদেরই জেতার সুযোগ বেশি থাকে। অবশ্যই ওরা ভালো দল। তবে আমরা যেভাবে খেলছি, অবশ্যই আমাদের দল অনেক ভারসাম্যপূর্ণ। যদি আমরা পরিস্থিতি অনুযায়ী ভালো করতে পারি তাহলে ভালো ফলাফলই হবে।’
শুক্রবার মিরপুরে প্রথম সেমিফাইনালে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৫ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে শেখ জামাল। সন্ধ্যায় দ্বিতীয় সেমিফাইনালে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে প্রাইম দোলেশ্বর।
সংক্ষিপ্ত পরিসরে আয়োজিত এ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ৫ লাখ টাকা। আর রানার্সআপ দল পাবে ৩ লাখ। টি-টুয়েন্টি টুর্নামেন্ট ও ওয়ানডে লিগের পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন গ্রুপ।
শেখ জামালে যারা আছেন: নুরুল হাসান সোহান (অধিনায়ক) জিয়াউর রহমান, তানবীর হায়দার, নাসির হোসেন, ইলিয়াস সানি, শহিদুল ইসলাম, ইমতিয়াজ হোসেন তান্না, ফারদিন হাসান অনি, এনামুল হক, সালাউদ্দিন শাকিল, রাকিন আহমেদ, মিনহাজুল আবেদিন আফ্রিদি, হাসানুজ্জামান, মেহরাব হোসেন যোশি।
প্রাইম দোলেশ্বরে যারা আছেন: ফরহাদ রেজা (অধিনায়ক), মার্শাল আইয়ুব, আরাফাত সানি, তাইবুর পারভেজ, সাইফ হাসান, সৈকত আলি, মাহমুদুল হাসান লিমন, এনামুল হক জুনিয়র, জসিম উদ্দিন, ফরহাদ হোসেন, আরাফাত সানি জুনিয়র।








