জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা মহানগর শাখার উদ্যোগে দোয়া ও ত্রাণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার খুলনার শঙ্খমার্কেটের দলীয় কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেন, শেখ কামালের জীবনাদর্শন বর্তমান যুব সমাজের অতি প্রয়োজন। বাংলাদেশের ক্রীড়াঙ্গন ও সাংস্কৃতিক অঙ্গনের ঐতিহ্য রক্ষা ও সম্প্রসারণে তিনি আমরণ কাজ করে গেছেন। শেখ কামালের জীবনাদর্শনকে অনুকরণ করে বর্তমান যুব সমাজকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, ক্রীড়াঙ্গন ও সাংস্কৃতিক অঙ্গনে শেখ কামাল ছিলেন একজন উজ্জ্বল নক্ষত্র। কিন্তু ৭৫ এর ১৫ আগষ্ট কালো রাত্রে স্বাধীনতাবিরোধী পাকি দালালেরা ইতিহাসের সব থেকে জঘন্যতম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তাকে হত্যা করে। এই স্বাধীনতা বিরোধী চক্র এখনও রয়েছে। আমাদের এই দেশবিরোধী চক্র সম্পর্কে সব সময় সজাগ থাকতে হবে।
এ সময় পাঁচ শতাধিক নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নো মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেলসহ ১৫ আগষ্ট নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মো: শাহেদ হোসেন।








