করোনা মহামারির কারণে গ্যালারি ভরা দর্শকের সামনে দুই বছরেরও বেশি সময় খেলতে পারেনি বাংলাদেশ। অবশেষে আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে ক্রিকেটার ও ভক্তদের অপেক্ষার অবসান হল। প্রথম ম্যাচে কানায় কানায় পূর্ণ শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্যালারি। কাঁচঘেরা প্রেসবক্স থেকেও থমকে থমকে কানে বাজছে উত্তাল গর্জন।
করোনার ভয়াবহতায় একটা বছর খেলাই ছিল না মাঠে। লকডাউনের সময়ে ক্রিকেটার থেকে সাধারণ মানুষ; সবাই ছিলেন ঘরবন্দি। পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লেগেছে অনেক। গ্যালারি ভরা দর্শকের চেনা ছবিটা দেখা যায়নি দীর্ঘ এ সময়ে। করোনা পরিস্থিতির সঙ্গে বিসিবিকে নিতে হয়েছে পদক্ষেপ।
২০২০ সালের মার্চে করোনা প্রাদুর্ভাবের শুরুতেই মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে টিকেট বিক্রি সীমিত করে বিসিবি। তার আগ পর্যন্ত সবই ছিল স্বাভাবিক। করোনা এখনো পুরোপুরি বিদায় নেয়নি। মহামারির শক্তি কমে এসেছে। সরকার থেকে বিধিনিষেধ উঠে যাওয়ায় খেলার মাঠের ‘প্রাণ’ দর্শক ফেরানো হল।
ম্যাচের উত্তেজনা মাঠে বসেই উপভোগ করতে পারছেন প্রায় ২৫ হাজার দর্শক। সাদা বলের ক্রিকেটে রঙিন পোশাকে বাংলাদেশ মাঠে নামলেই দর্শকে ভরে ওঠে গ্যালারি। ম্যাচজুড়েই চলে গর্জন। ভুলতে বসা সেই দৃশ্য আবারও দেখা যাচ্ছে হোম অব ক্রিকেটে।







