বিপিএলে শূন্য নম্বরের জার্সি পরে খেলেছেন। এই নম্বর নিয়ে জাতীয় দলের হয়েও খেলার আভাস দিয়েছিলেন তখন। শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলে জিম্বাবুয়ের বিপক্ষে দুই নম্বর জার্সি পরে মাঠে নেমেছেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
মাশরাফী দেশের হয়ে দুই নম্বর জার্সি পরে খেলবেন তার ইঙ্গিত পাওয়া যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যক্তিগত আইডি থেকে একটি ছবি পোস্ট করার পর। শনিবার পোস্ট করা ছবিটিতে দেখা যায় লাল জ্যাকেট পরে গাড়িতে বসে আছেন মাশরাফী। কালো রঙের ক্যাপে লেখা M 2।
ক্যারিয়ারের শুরুতে ২০ নম্বর জার্সি পরে খেলতেন মাশরাফী। পরে শূন্য সরিয়ে দুই নম্বর বেছে নেন। বিপিএলে হঠাৎ দুই বাদ দিয়ে নামেন শূন্য নম্বর জার্সি পরে।

তখন জার্সি বদলের কারণের কথা বলতে যেয়ে হার্সেল গিবসের কথা বলেছিলেন। গিবস একটি সাক্ষাৎকারে বলেন, ‘স্টার্ট ফর্ম জিরো এগেইন।’
বিপিএলে মাশরাফীর ‘জিরো’ শুরুটা মন্দ হয়নি। ব্যাটে-বলে নৈপুণ্য দেখিয়ে রংপুর রাইডার্সকে এনে দেন প্রথম বিপিএল শিরোপা।
এদিকে নতুন বছরে পুরনো ডিজাইনের জার্সি পরে খেলছে বাংলাদেশ। ২০১৫ সালে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জার্সি বেছে নিয়েছেন মাশরাফী-সাকিবরা। তবে ট্রাউজারের রঙে কিছুটা পরিবর্তন এসেছে।








