দিনের শুরুটা করেছিলেন ইয়াসির শাহ। টেস্ট ইতিহাসের দ্বিতীয় দ্রুততম দেড়শ উইকেট পাওয়ার মাইলফলক স্পর্শ করে। পাকিস্তানি লেগস্পিনারের রেকর্ড ছোঁয়ার দিনে শুরুতে বেকায়দায় পড়েছিল শ্রীলঙ্কা। তবে ধাক্কা সামলে দিনশেষে নিরাপদ জায়গায় লঙ্কানরা।
আবুধাবিতে সিরিজের প্রথম টেস্টে শুরুতে বিপদে পড়ে শ্রীলঙ্কা। ৬১ রান তুলতেই তিন উইকেট হারিয়ে ফেলে তারা। দলীয় ৩৪ রানের মাথায় হাসান আলীর শিকার হন কুশল সিলভা। এক রান পরই লাহিরু থিরিমান্নেকে তুলে নিয়ে রেকর্ড বুকে নাম লেখান ইয়াসির। এরপর কুশল মেন্ডিসকে ফিরিয়ে দেন তিনিই।
দ্রুত উইকেট হারিয়ে দল যখন কোণঠাসা, তখন দিমুথ করুনারত্নে ও দিনেশ চান্দিমালের সাবধানী ব্যাটিংয়ে শতরানের প্রাণ পায় লঙ্কানরা। পরে ৭ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন করুনারত্নে। ৯৩ রান করে রানআউটে কাটা পড়েন তিনি।
পরে চান্দিমাল ৬০ ও নিরোসান ডিকেভেল্লার অপরাজিত ৪২ রানে নিরাপদে দিনশেষ করে শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত তাদের সংগ্রহ ৪ উইকেটে ২২৭ রান।
এদিন মাত্র ২৭ টেস্টে দেড়শ উইকেট পাওয়ার মাইলফলক স্পর্শ করেন ইয়াসির শাহ। তার চেয়ে কম টেস্টে দেড়শ উইকেট নিতে পেরেছেন কেবল সিডনি বার্নস। যে রেকর্ড বার্নসের কাছে আছে ১০৪ বছর ধরে। ১৯১৩ সালে গড়া রেকর্ড ছুঁতে সাবেক ইংলিশ পেসারের লেগেছিল ২৪ টেস্ট।
দুই নম্বরে ইয়াসির অবশ্য একা নন। দেড়শ ছুঁতে ২৭ টেস্ট লেগেছিল তার স্বদেশী ওয়াকার ইউনিসেরও। ধারাভাষ্য কক্ষে বসে নিজের মাইলফলক ছোঁয়ার সাক্ষী ছিলেন ওয়াকার।







