হোয়াটওয়াশ ঠেকানোর ম্যাচে প্রথম পাওয়ার প্লেতে জোড়া ধাক্কায় কিছুটা এলোমেলো জিম্বাবুয়ে। এই সময়ে স্কোরবোর্ডে ৩৫ রান জমা করতে পারে দলটি।
জিম্বাবুয়ে: ৫৯/২ (১৫ ওভার)
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে বল করতে নেমে মাশরাফী প্রথম দশ ওভারই দুই পেসার আবু হায়দার রনি এবং মোহাম্মদ সাইফউদ্দিনকে দিয়ে করান। নতুন বল হাতে পেয়ে দুই তরুণ পেসার অধিনায়কের আস্থার প্রতিদান দেন।
দ্বিতীয় ওভারে সেফাস ঝুয়াওকে (০) বোল্ড করেন সাইফ। পরের ওভারে মাসাকাদজাকে (২) বোল্ড করেন আবু হায়দার।
ইতিমধ্যে ওয়ানডে সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ তৃতীয় ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন নিয়ে নেমেছে। পরপর দুম্যাচে শূন্য রানে ফেরা ফজলে রাব্বির জায়গায় এসেছেন সৌম্য সরকার।
সঙ্গে মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান গেছেন বিশ্রামে। তাদের পরিবর্তে খেলছেন আরিফুল হক ও আবু হায়দার রনি। ১৩০তম বাংলাদেশি হিসেবে পেস-অলরাউন্ডার আরিফুলের ওয়ানডে অভিষেক হয়েছে।
বন্দরনগরীতে এসময় খেলা হলেই ঘুরেফিরে আলোচনায় আসে শিশির প্রসঙ্গ। দিবা-রাত্রির ম্যাচে শিশিরের ভূমিকার কথা মাথায় রেখে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম ম্যাচে ২৮ রানে জিতে এগিয়ে যাওয়ার পর চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটের জয়ে তিন ম্যাচ সিরিজের ট্রফি নিশ্চিত করে বাংলাদেশ।







