আইসল্যান্ডের বিপক্ষে হোচঁট খেয়ে ইউরো মিশন শুরু করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। নানির গোলে এগিয়ে থেকেও প্রথমবারের মতো ইউরো খেলতে আসা আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে নানি-রোনালদোরা।
প্রথমার্ধে (৩১ মিনিট) নানির গোলে এগিয়ে থাকা পর্তুগাল দ্বিতীয়ার্ধের ৫ মিনিটে গোল হজম করলে হতাশার ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় পুর্তগিজদের।
শুরুতেই পর্তুগালকে চমকে দিয়ে ম্যাচের চতুর্থ মিনিটেই প্রায় গোল আদায় করে নিয়েছিলো আইসল্যান্ড। চতুর্থ মিনিটে গিলফি সিগার্ডসন বল পায়ে ডি বক্সে ঢুকে জোরালো শট নেন। তবে এ যাত্রায় গোল রক্ষক রুই পাত্রিসিওর নৈপুণ্যে রক্ষা পায় পর্তুগাল।
তবে এ চমক বেশিক্ষণ আটকে রাখতে পারেনি পর্তুগালকে। ৩১ মিনিটে ডান দিক থেকে মিডফিল্ডার আন্দ্রে গোমেসের বাড়ানো বল প্রথম শটেই জালে জড়ান নানি। ১-০ গোলের লিড পায় পর্তুগাল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণ এক পাল্টা আক্রমণে গোল শোধ করে আইসল্যান্ড। ডান দিক থেকে মিডফিল্ডার গুডমুন্ডসনের বাড়ানো দারুণ ভলিতে পর্তুগালের জালে জড়ান বিরকির বিয়ারনাসন।
ম্যাচের শেষ দিকে আইসল্যান্ডের রক্ষণে প্রচণ্ড চাপ তৈরি করে পর্তুগাল। কিন্তু আইসল্যান্ডের দুর্ভেদ্য রক্ষণ প্রাচীর ভাঙা সম্ভব হয়নি নানি-রোনালদোদের।










