শুধু ধনী মানুষেরা ফ্ল্যাট বাসায় থাকবে আর দরিদ্ররা মানবেতর জীবনযাপন করবে এমনটা হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
তিনি বলেছেন: ‘শুধু বড়লোকরা ফ্ল্যাটে থাকবে তা হবে না। আমার দরিদ্র মানুষরাও ফ্ল্যাটে যেন থাকতে পারে সে ব্যবস্থা করে দিবো, করে দিচ্ছি।’
সোমবার দুপুরে কামরাঙ্গীরচরের কুড়ার ঘাটে ৩১ শয্যার সরকারি হাসপাতাল মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন: ‘ঢাকায় আগে যেটা ছিল সুইপার কলোনি, আমরা যাদেরকে এখন পরিচ্ছন্নতাকর্মী বলি, তাদের জন্য আমি ফ্ল্যাট নির্মাণ করে দিয়েছি। যাতে করে তারা ভালোভাবে বসবাস করতে পারে। তাদের ওপর নির্ভর করে আমাদের সকল পরিষ্কার পরিছন্নতা। আর তারা মানবেতর জীবন যাপন করবে, সেটা হতে পারে না। আমরা তাদের ব্যবস্থা করে দিয়েছি। চারটা বিল্ডিং হয়ে গেছে, আরো কয়েকটা বিল্ডিং হবে।’
দুই সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা এ সুবিধা পাবে উল্লেখ করে তিনি বলেন: ‘এটা আমরা দক্ষিণে করেছি; উত্তরেও করে দেবো। বাংলাদেশের সকল মানুষকে সুন্দরভাবে বাঁচাতেই আমার রাজনীতিটা। আমার রাজনীতি হচ্ছে এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের জন্য। তাই আমরা আপনাদের কাছে ভোট চাই, আমরা বাংলাদেশকে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা হিসেবে করে তুলবো।’
বস্তিবাসীও এ সুবিধার আওতায় আসবে জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন: ‘ঢাকা শহরের বস্তিগুলির চরম দুরবস্থা। কিন্তু তারা ভাড়া দিয়ে থাকছে। সেখানে তাদের জীবনের নানা ধরনের সমস্যায় থাকতে হয়। তাদের কথা মাথায় রেখে কামরাঙ্গীরচরে ১০ হাজার ফ্ল্যাট নির্মাণের প্রকল্প আমরা হাতে নিয়েছি।’
বস্তিতে যে প্রক্রিয়ায় ভাড়া দিয়ে তারা থাকছে নব-নির্মিত ফ্ল্যাটগুলোতেও তাদের জন্য সেসব সুবিধা থাকবে জানিয়ে তিনি বলেন: ‘বস্তিতে মানুষ যেমন দৈনিক হিসেবে ভাড়া দিয়ে থাকে, এই ফ্ল্যাটে যদি কেউ দৈনিক হিসাবে ভাড়া দিয়ে থাকতে চায়, থাকতে পারবে। সাপ্তাহিক ভাড়া দিয়েও তারা ওই ফ্ল্যাট ভাড়া নিতে পারবে অথবা মাসিক ভাড়ায় এখানে তারা সকল ধরনের সুযোগ সুবিধা পাবে। এভাবেই আমরা ঢাকা শহরের বস্তিবাসীকে ফ্ল্যাটে থাকার সুযোগ সুবিধা আমরা করে দেব।’
বস্তিতে যেন কারো মানবেতর জীবনযাপন করতে না হয়, সে পরিকল্পনা আওয়ামী লীগের রয়েছে বলে এ সময় জানান বঙ্গবন্ধু কন্যা।









