যত ব্যস্ততাই থাকুক, রঙ তুলি নিয়ে সালমানের সময় কাটানো চাই-ই চাই। আর সেজন্যই ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির শুটিং সেটেও রঙ এর বাক্স নিতে ভোলেননি সালমান খান। সেখানেই করা একটি পোট্রেইট এর ছবি প্রকাশ করা হয়েছে সম্প্রতি।
সালমানের আঁকা অসাধারণ পোট্রেটটি একজন নারীর। পোট্রেটটি সালমান উপহার দিয়েছেন মারিয়াম আল মেহেরিকে। তিনি দুবাইয়ের মিডিয়া এবং এন্টারটেইনমেন্ট এর দায়িত্বে নিয়োজিত আছেন। মারিয়াম পেইন্টিংটির একটি ছবি টুইটারে শেয়ার করেছেন মঙ্গলবার। তিনি লিখেছেন, ‘ধন্যবাদ সালমান এই মূল্যবান এবং সুন্দর পেইন্টিংটি উপহার দেয়ার জন্য। এটা আমার জন্য অনেক স্পেশাল কারণ এটা আপনি আবুধাবিতে শুটিং চলার সময়ে এঁকেছেন।’
আলী আব্বাস জাফর পরিচালিত ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিটিতে সালমান খানের সঙ্গে দীর্ঘ ৫ বছর পর অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। ছবিটি ‘এক থা টাইগার’ এর সিকুয়েল। ছবির শুটিং ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। আগামী ২৫ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাবে।










