তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচ খেলতে শুক্রবার সকালে ঢাকায় আসছে ইংল্যান্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে খবর, সকাল ৭টা থেকে ৯টার মধ্যে দুই ভাগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন জস বাটলার-আদিল রশিদরা।
শনিবার সকালে মিরপুরের একাডেমি মাঠে প্রথম অনুশীলন করবে ইংলিশ দলটি। বাংলাদেশ অনুশীলন শুরু করেছে বৃহস্পতিবার, নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ দিয়ে। মিরপুরে দিবা-রাত্রির ৫০ ওভারের ম্যাচ খেলছেন তামিম-মুশফিকরা। নতুন করে ফেরা পুরনো কোচ চণ্ডিকা হাথুরুসিংহে চোখ রাখছেন ম্যাচে।
দ্বিতীয় মেয়াদে টাইগার হেড কোচের প্রথম অ্যাসাইনমেন্ট এই সিরিজটি। ১ মার্চ মিরপুরে ওয়ানডে দিয়ে শুরু হবে দুদলের মাঠের লড়াই।
পাকিস্তান সুপার লিগ ও চোট সংক্রান্ত কারণে বাংলাদেশের বিপক্ষে বেশকিছু তারকা ক্রিকেটারকে পাচ্ছে না ইংল্যান্ড। পিএসএল খেলতে বাংলাদেশ সফরে আসছেন না ওপেনার অ্যালেক্স হেলস। ইনজুরির কারণে নেই জনি বেয়ারস্টো ও লিয়াম লিভিংস্টোন। দুই ফরম্যাটেই ইংলিশদের নেতৃত্বে আছেন বাটলার।
২০ ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে এসে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল ইংল্যান্ডের। ওয়ার্মআপ ম্যাচ বাতিল করায় একটু পিছিয়ে ২৪ ফেব্রুয়ারি আসছে তারা।
ইংল্যান্ডের ওয়ানডে দল: জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জফরা আর্চার, স্যাম কারেন, সাকিব মাহমুদ, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিসি টপলে, জেমস ভিন্স, ক্রিস ওকস, মার্ক উড।
ইংল্যান্ডের টি-টুয়েন্টি দল: জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জফরা আর্চার, স্যাম কারেন, বেন ডাকেট, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, রিসি টপলে, ক্রিস ওকস, মার্ক উড।









