ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের কাছে হেরে শীর্ষ চারে থেকে লিগ শেষ করার আশা মুছে গেছে ম্যানচেস্টার ইউনাইটেডের। রেড ডেভিলদের ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে থেকে ইংলিশ প্রিমিয়ার লিগ শেষ করবে গতবার তৃতীয় হওয়া টটেনহ্যাম।
ঘরের মাঠে চলতি মৌসুমে লিগে অপরাজিত থাকল টটেনহ্যাম। এখানে আপাতত এটাই শেষ ম্যাচ তাদের।
খেলার পাঁচ মিনিটের মাথায় হেড থেকে গোল করে দলকে এগিয়ে হেন ওয়ানিয়ামা। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি কেইন।
দুই গোলে পিছিয়ে থাকার পর ৭১ মিনিটে অধিনায়ক রুনির গোলে ব্যবধান কমায় ম্যানইউ। কিন্তু এরপর শত চেষ্টা করেও আর সমতা ফেরাতে পারেনি মরিনহোর দল।
রাতের অন্য ম্যাচে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে হারিয়ে তিন নম্বরে উঠে এসেছে লিভারপুল। ৩৭ ম্যাচে অল রেডসদের পয়েন্ট ৭৩। এক ম্যাচ কম খেলে ৭২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।
৩৬ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকা আর্সেনালও চ্যাম্পিয়ন্স লিগে ওঠার লড়াইয়ে আছে। সমান ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ইউনাইটেড।
দুই ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করা চেলসির পয়েন্ট ৩৬ ম্যাচে ৮৭। টটেনহ্যামের ৮০।








