ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা আস্টন ভিলাকে তারা ২-০ গোলে হারায়। অপরদিকে নিজেদের ঘরের মাঠে ২-২ গোলে ড্র করে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনের কাছে হোঁচট খেয়েছে ইয়াগূন ক্লপের লিভারপুল।
বার্মিংহামের ভিয়া পার্কে রোবরার রাতে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আর্সেনাল। ম্যাচের আট মিনিটে পেনাল্টি থেকে গোল করেন জিরুদ।
ইংলিশ লিগের ইতিহাসে জিরুদের এটা ৫০তম গোল। আর্সেনালের সপ্তম খেলোয়াড় হিসেবে এই মাইলফলক ছুঁলেন ফরাসি স্ট্রাইকার।
ডি বক্সে ওয়ালকট থেকে ফেলে দিলে গার্নারদের পক্ষে পেনাল্টির নির্দেশ দেয় রেফারী। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আক্রমণের ধারও বাড়ায় ওজিল জিরুদরা।
কিন্তু প্রতিপক্ষের ডিফেন্সের কারণে গোল বাড়াতে পারেনি তারা। তবে ম্যাচের ৩৮ মিনিটে ব্যবধান বাড়ায় আর্সেনাল। মেসুত ওজিলের আড়াআড়ি পাস থেকে ডান পায়ের শটে গোলটি করেন অ্যারন র্যামজি।
এই জয়ে দুই ধাপ এগিয়ে শীর্ষে উঠে আসা আর্সেনালের পয়েন্ট ১৬ ম্যাচে ৩৩।
অপরদিকে নিজেদের ঘরের মাঠে ওয়েস্ট ব্রমউইচের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে লিভারপুল।
অ্যানফিল্ডে ২১ মিনিটে জর্ডান হেন্ডারসন গোলে এগিয়ে যায় লিভারপুল।তবে লিড বেশীক্ষণে ধরে রাখতে পারেনি ক্লপের শিষ্যরা।
নয় মিনিট পরে কর্ণার থেকে বল পেয়ে গোল শোধ করেন ক্রেইগ ডসন।
ম্যাচের ৭৩ মিনিটে অল রেডদের থমকে দিয়ে ইয়োনাস ওলসনের হেডে লীড নেয় ওয়েস্ট ব্রম।
তবে যোগ করা সময়ে ২৫ গজ দূর থেকে বেলজিয়ামের ফরোয়ার্ড ডিভোক ওরিগির জোরালো শট ওয়েস্ট ব্রমউইচের এক ডিফেন্ডারের পায়ে লেগে বল জালে জড়ালে হার এড়ায় লিভারপুল।
এই ড্রয়ে ১৬ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠে এসেছে লিভারপুল। ওয়েস্ট ব্রমের পয়েন্ট ২০।






