১৯৯০’র পর থেকে সারা বিশ্বে শিশু মৃত্যুর হার ৫০ শতাংশ হ্রাস পেয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ’র প্রতিবেদন অনুযায়ী, ২৫ বছর আগে যেখানে সারা বিশ্বে ১২.৭ মিলিয়ন শিশু মারা যেতো, এই বছর প্রথমবারের মতো শিশু মৃত্যুর হার ৬ মিলিয়নের নীচে নেমে এসেছে।
কিন্তু সংস্থাগুলোর মতে শিশু মৃত্যুর হার হ্রাসের ক্ষেত্রে এখনো অনেক চ্যালেঞ্জ বাকি আছে। সংস্থাগুলোর মতে ১৯৯০ থেকে ২০১৫ সালের মধ্যে শিশু মৃত্যুর হার দুই-তৃতীয়াংশ কমিয়ে আনার যে লক্ষ্যমাত্রা ছিলো তারা এখনো তা পূরণ করতে পারেনি। এই দীর্ঘ সময়ে লক্ষমাত্রার মাত্র ৫৩ শতাংশ অর্জিত হয়েছে।
ইউনিসেফের উপ নির্বাহী পরিচালক গীতা রাও গুপ্তা বলেন, শিশু মৃত্যুর হার হ্রাসের ক্ষেত্রে যে অভাবনীয় উন্নতি হয়েছে আমাদের তা অবশ্যই স্বীকার করতে হবে। কিন্তু এখনো বিপুল সংখ্যক শিশু তাদের ৫ বছর পূর্ণ হওয়ার আগেই বিভিন্ন অপুষ্টিজনিত কারণ ও রোগে মারা যাচ্ছে। তাই এই মৃত্যুর হার আরো কমিয়ে আনতে আমাদের প্রচেষ্টাকে দ্বিগুণ করতে হবে।
প্রতিবেদনে আরো দেখা গেছে, ম্যালেরিয়া, ডায়রিয়া, নিউমোনিয়োসহ বিভিন্ন অসুখে সারা পৃথিবী জুড়ে ৫ বছরের নিচে প্রতিদিন প্রায় ১৬ হাজার শিশু মারা যাচ্ছে। এর মধ্যে অর্ধেক সংখ্যক শিশুই অপুষ্টিতে মারা যাচ্ছে। আফ্রিকার দেশগুলোতে সব থেকে বেশি শিশু অপুষ্টিতে মারা যাচ্ছে।






