এর আগে রিপাবলিকান রিপ্রেজেন্টেটিভ হিসেবে পারিবারিক সহিংসতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনিই। পারিবারিক নির্যাতনকারীদের কঠোর শাস্তি চেয়ে ভোটও দিয়েছিলেন। এবার নিজেই দায়ী হলে পারিবারিক নির্যাতনের দায়ে।
আমেরিকার সাউথ ক্যারোলিনার এক রাজনীতিবিদ স্ত্রীকে মারার দায়ে অভিযুক্ত হয়েছেন। আর সাক্ষী হিসেবে রয়েছে ৯১১ এর একটি কল রেকর্ডিং। রেকর্ডিংয়ে একটি শিশু বলে, এবার থামো- বাবা।
আমেরিকার রিপাবলিকান রিপ্রেজেন্টেটিভ ক্রিস কোর্লিকে ফার্স্ট ডিগ্রি নির্যাতনের এবং কোনো ব্যক্তির দিকে আগ্নেয়াস্ত্র তুলে ধরার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।
সোমবার বিকেলের দিকে ৯১১ তে ওই কলটি করা হয় এবং সে কথা পুলিশ স্থানীয় সংবাদমাধ্যমকে জানায়।
সেখানকার আইকেন স্ট্যান্ডার্ড নিউজপেপার প্রকাশিত একটি রেকর্ডিং থেকে শোনা যায় ছোট্ট এক শিশু বলছে, কি করছো বাবা, কি করছো, কেন তুমি এমন করছো?
আরো একটি রেকর্ড কলে শোনা যায়, সে তার স্ত্রীকে মারছে এবং তাকে হত্যা করার ভয় দেখাচ্ছে। আইকেন কাউন্টি শেরিফ অফিসার এই কলারকে চিহ্নিত করেন কোর্লির শাশুড়ি মা হিসেবে।
স্ত্রীর মুখে ও মাথায় বেশ কিছু ঘুষি মেরেছেন কোর্লি। এরপরই তিনি একটি বন্দুক তাক করেন তার দিকে। আইক্যান স্ট্যান্ডার্ডের রিপোর্টে অ্যরেস্ট ওয়ারেন্টের কথা তুলে ধরে বলা হয় এই ধরনের নৃশংশতা আট বছরের শিশুর সামনেই করা হয়। এই জুটির মোট তিনটি সন্তান রয়েছে।
কোর্লি পুলিশকে জানায়, তার স্ত্রী মনে করতো সে তাকে ঠকাচ্ছে, তাই যখন সে তাকে আঘাত করতে আসে তখন কোর্লি শুধু তাকে ঠেলে দূরে সরিয়ে দেয়।
অবশেষে কোর্লি ২০,০০০ মার্কিন ডলারের বন্ডের বিপরীতে জামিন পান। তবে অভিযোগ প্রমাণিত হলে তার ১৫ বছরের জেল হতে পারে।








