শিশুদের না বলা কথা আর কৌতুহলী চোখে দেখা দুনিয়াকে এবার সবার সামনে তুলে ধরতে এলো শিশুদের নিয়ে প্রথম ভিডিও সংবাদ সেবা ‘প্রিজম’। শিশুদের নিয়ে শিশুদের তৈরি ভিডিওগুলো সবাইকে দেখাতে ‘প্রিজম’ এর সঙ্গে যুক্ত হয়েছে চ্যানেল আইসহ দেশের শীর্ষস্থানীয় ৭টি টেলিভিশন চ্যানেল।
বাংলাদেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিশুদের বক্তব্যকে গুরুত্ব এবং তাদের উদ্বেগ-উৎকণ্ঠার বিষয়গুলো সম্প্রচারের জন্য একটি জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে প্রিজম।
প্রিজমের নিয়মিত ভিডিও সংবাদ, প্যাকেজ প্রতিবেদন, বি-রোলস ও সংবাদ প্রতিবেদন সম্প্রচারের জন্য সাতটি টেলিভিশন স্টেশন মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।
সম্মিলিত এই প্রচেষ্টার সঙ্গী হওয়ায় টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিদের অভিনন্দন জানান ইউনিসেফ প্রতিনিধি বেগবেদার।
‘প্রিজম’ কে শিশু সাংবাদিকতার অনন্য এক উদ্যোগ বলে মন্তব্য করেন চ্যানেল আইয়ের নির্বাহী পরিচালক এসরারুল হক।
ইউনিসেফের সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের উদ্যোগে প্রতিষ্ঠিত প্রিজমের উদ্বোধন হয় গত ১০ এপ্রিল। 
প্রাথমিকভাবে নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, নেত্রকোণা এবং বান্দরবানের ১০৫ জন শিশু প্রিজমের সঙ্গে কাজ করছে। তাদের তৈরি ভিডিও কনটেন্ট দেখানোর জন্য প্রিজমের সঙ্গে যুক্ত হয়েছে চ্যানেল আই, একাত্তর টিভি, এটিএন বাংলা, চ্যানেল ২৪, দেশ টিভি, নিউজ২৪ ও যমুনা টিভি।







