বিশ্ব বিখ্যাত মানুষদের সান্নিধ্য পেতে চান প্রায় সবাই। কিন্তু সেই সৌভাগ্য কী আর সবার হয়। পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আবার খ্যাতিমানদের অনেকে। তাই সে ক্ষেত্রেও তাদের সাক্ষাৎ পাওয়া সম্ভব নয়। তাই এই অপূর্ণতা পূরণে বিশ্বে তৈরি হয়েছে ওয়াক্স মিউজিয়াম বা ‘মোমের জাদুঘর’। লন্ডনের মাদাম তুসো এ ক্ষেত্রে বিখ্যাত।
লন্ডনের মাদাম তুসোর অনুসরণে বাংলাদেশে ‘সেলিব্রেটি গ্যালারি’ শিরোনামের গুলশান-১ এ খোলা হয়েছে শিল্পাঙ্গনের নতুন এক মাধ্যম। এই গ্যালারিতে পৃথিবীর নানা অঙ্গনের বিখ্যাত সব ব্যক্তিত্বের ভাস্কর্য স্থান পেয়েছে। ৩৭টি ভাস্কর্য নিয়ে কাজ শুরু হলেও প্রথমদিকে প্রদর্শিত হচ্ছে ৩২জন পৃথিবী খ্যাত ব্যক্তিত্বের ভাস্কর্য ।
বাংলাদেশের ভাস্কর মৃণাল হক ফাইবার গ্লাসের আশ্রয়ে বিশ্ববিখ্যাত কবি, রাষ্ট্রনায়ক থেকে নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা ও ফুটবলারের ভাস্কর্য নির্মাণ করেছেন। সে সব ভাস্কর্য নিয়ে সাজানো হয়েছে এই সেলিব্রেটি গ্যালারি।







