ভারতের বিপক্ষে ৪-৩ গোলের অসাধারণ জয় দিয়ে শুরু। পরে মালদ্বীপের বিপক্ষে একপেশে জয় ২-০তে। তাতে সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপার দুই কদম দূরে পৌঁছে গেছে লাল-সবুজের যুবারা। সোমবার নেপালের বিপক্ষে তাই আত্মবিশ্বাসী এক দলের নাম বাংলাদেশ।
বুধবার মালদ্বীপের বিপক্ষে জয়ের পর চারদিনের বিশ্রাম পেয়েছে মাহবুবুর রহমান রক্সির শিষ্যরা। ছেলেদের উজ্জীবিত করতে একদিনের পূর্ণ অবকাশও দিয়েছিলেন কোচ।
ছুটির পাশাপাশি সময়টাতে একটি সুসংবাদও পেয়েছে বাংলাদেশ দল। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়া এবারের সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখতে সাহায্য করেছে ভারতের একটি দারুণ জয়।
স্বাগতিক ভুটানকে নিজেদের শেষ ম্যাচে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ভারতীয়রা। এতে তিন ম্যাচে দুই জয় ও এক হারে সমান ছয় পয়েন্ট নিয়েও বাংলাদেশের নিচেই থাকছে স্বাগতিকরা। দুই ম্যাচে দুই জয়ে ছয় পয়েন্টে গোলব্যবধানে এগিয়ে সবার উপরে লাল-সবুজরা।
দুর্দান্ত দুটি জয় থাকলেও গা ছাড়া ভাব নেই বাংলাদেশের যুবাদের মাঝে। এক দিনের ছুটি শেষে তারা বাকি দিনগুলো মাঠে ঘাম ঝরিয়েছে কঠোর অনুশীলনে। শিরোপার খুব কাছে থেকে যে খালি হাতে ফিরতে নারাজ যুবারা!










