মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের উচ্চমান সহকারী মো. নাসির উদ্দিন, শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মোতালেব হোসেনে ও লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেদ হাসান মতিনের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শুনানি শেষে ঢাকা মহানগরন হাকিম জিয়াউল ইসলাম জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। সেইসঙ্গে মামলাটি তদন্তের জন্য দুদকে হস্তান্তর করেন আদালত।
মঙ্গলবার তাদের তিনজনকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে আসামিদের আইনজীবীরা তাদের জামিন আবেদন করেন।
মামলা সূত্রে জানা গেছে, তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পেয়েছে তদন্ত কর্মকর্তারা। এছাড়া আসামিরা প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন।
গত রোববার (২১ জানুয়ারি) গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের একটি দল রাজধানীর গুলশান এলাকা থেকে এক লাখ ত্রিশ হাজার টাকাসহ শিক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের উচ্চমান সহকারী মো. নাসিরউদ্দিনকে গ্রেফতার করে।
পরে তার সঙ্গে যোগাযোগের সূত্র ধরে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো. মোতালেব হোসেন ও লেকহেড গ্রামার স্কুলের মালিক মো. খালেদ হাসান মতিনকে গ্রেফতার করে ডিবি পুলিশ।










