আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, শিক্ষার্থীদের পোশাক পরে কিছু দুর্বৃত্ত আওয়ামী লীগের ধানমণ্ডি অফিসে হামলা চালিয়েছে। হামলার পেছনে বিএনপি-জামায়াতের ইন্ধন রয়েছে দাবি করে তিনি বলেন, শিক্ষার্থীদের অরাজনৈতিক আন্দোলনকে নষ্ট করতে চাইছে বিএনপি ও জামায়াত।
শনিবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। কার্যালয়ের সামনে থাকা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলাকারীদের আটকানোর চেষ্টা করলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া।
এ বিষয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, হামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৭ নেতাকর্মী আহত হয়েছেন। হামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তিনি বলেন, আন্দোলন ভিন্নখাতে নেয়ার অপচেষ্টা হলে প্রয়োজনে ব্যবস্থা নেয়া হবে।
শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহারে বিএনপি জামায়াতের অপরাজনীতি রুখতে সবার প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।
হামলার ঘটনার পর ধানমণ্ডি অফিসে আসে আন্দোলনরত শিক্ষার্থীদের তিনজন প্রতিনিধি। তারা জানায়, গুজব ছড়িয়ে সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীদের ভুল বোঝানো হচ্ছে।
তারা জানায়, তাদের আন্দোলন সরকারবিরোধী কোন আন্দোলন নয়, তারা সেটা করতেও চায় না।









