বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী আনোয়ারি কবির মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। ৯৪ বছর বয়সে গত ২৯ আগস্ট মৃত্যু হয় তার।
আনোয়ারি কবির দৈনিক সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এবং জনতা ব্যাংকের প্রথম চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মরহুম খায়রুল কবিরের স্ত্রী।
ভারতের কলকাতায় আনোয়ারি কবিরের জন্ম হয়। প্রখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান লরেটো কনভেস্ট, লেডি ব্রেবোর্ন কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করেন তিনি।
১৯৫৫ সালে তার হাতে ঢাকায় প্রতিষ্ঠিত হয় ইংলিশ মিডিয়াম স্কুল ‘লিটল জুয়েলস’। এরই মধ্যে প্রতিষ্ঠানটি ৭৫তম বর্ষে পা দিয়েছে। এই স্কুল থেকে শিক্ষা লাভ করা কিছু সেরা পেশাজীবী জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ।
আনোয়ারি কবির পূর্ব পাকিস্তান মহিলা সমিতির (বর্তমানে বাংলাদেশ মহিলা পরিষদ) সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পরে নিখিল পাকিস্তান মহিলা সমিতিরও (এপিডব্লিউএ) সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি।
পাকিস্তানে জোন্টা ইন্টারন্যাশনাল ক্লাব (পেশাজীবী মেয়েদের একটি ইন্টারন্যাশনাল ক্লাব) চালুর পাশাপাশি তার সভাপতির দায়িত্বে ছিলেন আনোয়ারি কবির। পরে জাপান থেকে বাংলাদেশ পর্যন্ত দক্ষিণ এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গভর্নর নির্বাচিত হয়েছিলেন।
এছাড়াও জোন্টা ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক বোর্ডে নির্বাচিত হন এবং ভারতীয় উপমহাদেশের প্রথম এবং একমাত্র ব্যক্তি হিসেবে তিনি এই স্বীকৃতি অর্জন করেন। তার নেতৃত্বেই মুক্তিযুদ্ধের পর পরই জোন্টা ইন্টারন্যাশনাল বড় ধরনের পুনর্বাসন কর্মসূচির পাশাপাশি সাইক্লোন সুরক্ষা কর্মসূচিতেও যুক্ত হয়।
আনোয়ারি কবির মহিলাদের জন্য সুদমুক্ত ঋণ প্রবর্তন করেন। গ্রামাঞ্চলে স্কুল প্রতিষ্ঠা করে রাজধানী ঢাকার মতো করে মানসম্মত শিক্ষার ব্যবস্থাও করেন। নারীদের জন্য প্রাপ্তবয়স্ক শিক্ষা কার্যক্রম, সাপ্তাহিক মেডিকেল সেন্টার এবং মাঠ পর্যায়ে সাপ্তাহিক চক্ষু সার্জারি সেন্টারও চালু করেন তিনি।








