শিক্ষাপ্রতিষ্ঠান যত দ্রুত সম্ভব খুলে দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এক্ষেত্রে করোনা সংক্রমণের পরিস্থিতি সুবিধাজনক অবস্থায় আসা এবং টিকা দেয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিতে বলেছেন তিনি।
বুধবার সচিবসভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।
সভার পর বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে সভার বিষয়বস্তু ও আলোচনার বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সভায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে মন্ত্রণালয়ের পরিস্থিতি তুলে ধরলে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী বলেন: ১৮ বছরের বেশি বয়সী সব শিক্ষার্থীকে যত তাড়াতাড়ি সম্ভব টিকার আওতায় আনতে হবে।
এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগ পর্যন্ত অনলাইন ও অন্যান্য শিক্ষা কার্যক্রম সচল রাখার নির্দেশনা দেন তিনি।







