শিক্ষক রাজনীতি যেন ছাত্র রাজনীতিতে অনুপ্রবেশ না করে, সে ব্যাপারে সচেতন থাকতে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, “শিক্ষার্থীদের দিয়ে শিক্ষক রাজনীতি করাবেন না। ছাত্ররা ছাত্র রাজনীতি করবে।”
রোববার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইসিটি ক্যারিয়ার ক্যাম্প-২০১৬ উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন মন্ত্রী।
রাজনীতি বিষয়ে ওবায়দুল কাদের বলেন, রাজনীতিতে লেগে থাকতে হয়। রাজনীতি হলো মানুষের ভালোবাসার বিষয়। যে নেতা মানুষের মনের ভাষা চোখের ভাষা বোঝে না, সে নেতৃত্ব দেয়ার যোগ্য নয়।
তিনি আরো বলেন, “শেখ হাসিনা দেশরত্ন। তার নেতৃত্বে সজিব ওয়াজেদ জয় আইসিটিতে একটা বিপ্লব ঘটাবেন।” জয় বাংলাদেশের ভবিষ্যৎ নেতা হবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
এর আগে সাবেক স্পিকার আবদুল মালেক নবনির্মিত হল উদ্ধোধন ও ফলক উন্মোচন করেন মন্ত্রী। পরে তিনি আইসিটি মেলা ঘুরে দেখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের গড়ার আহ্বান জানান।







