ইংলিশ ক্লাব ম্যানইউ ছেড়ে শিকাগো ফায়ারে নাম লেখাচ্ছেন জার্মান মিডফিল্ডার বাস্তিয়ান শোয়েনস্টেইগার। ম্যানইউর পক্ষ থেকে মঙ্গলবার খবরটি নিশ্চিত করা হয়েছে। ৪.৫ মিলিয়ন ডলারে শিকাগোতে পাড়ি জমাচ্ছেন শোয়েনস্টেইগার।
বিদায়ের খবর জানাতে যেয়ে শোয়েনস্টেইগার বলেন, আমি খুবই দুঃখিত যে ম্যানইউর বন্ধুদের আমি হারাতে যাচ্ছি। তবে নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে আমার এ সিদ্ধান্ত নিতে হয়েছে। ম্যানইউয়ে আমার বন্ধু ও সতীর্থরাও আমার ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শিকাগো ফায়ারে যাচ্ছেন জানিয়ে টুইট করেছেন শেয়েনস্টেইগার। সেখানে তিনি এক ভিডিও বার্তায় ম্যানইউ সতীর্থ, সমর্থকদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘এখন সময় দল পরিবর্তনের।’
নতুন দল সম্পর্কে শোয়েনস্টেইগার বলেন, শিকাগোতে নাম লেখানোর মধ্যে আমি আলাদা কিছুই দেখছি না। তবে ওদের যে বিষয়টি আমাকে আকৃষ্ট করেছে সেটি ক্লাবটির দর্শন। ক্লাবের ম্যানেজারের সঙ্গে কথা বলে বিষয়টি অনুধাবনের পরেই মূলত আমি ওখানে যাচ্ছি।
কোচ হোসে মরিনহোর অধীনে চলতি মৌসুমে বলতে গেলে এক রকম মাঠের বাইরেই আছেন শোয়েনস্টেইগার। প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে একটি ম্যাচেও তাকে খেলতে দেননি স্পেশাল ওয়ান পর্তুগিজ কোচ। শোয়েনস্টেইগারকে শেষবার মাঠে দেখা গেছে গত ২২ ফেব্রুয়ারি ইউরোপা লিগে সেইন্ট অ্যাঁতিয়েনের বিপক্ষে ম্যাচে।







