পিআইবি’র মহাপরিচালক ও জ্যেষ্ঠ সাংবাদিক শাহ আলমগীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।
বিভাগের পক্ষ থেকে এক বার্তায় মরহুমের রুহের শান্তি ও মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
ওই শোকবার্তায় বলা হয়, শাহ আলমগীর ছিলেন একাধারে মূদ্রণ ও সম্প্রচার মাধ্যমের উজ্জ্বল সাংবাদিক, সম্পাদক এবং সাংবাদিকতা জগতের একজন সফল সংগঠক ও সাংবাদিক সমাজের নেতা। তিনি ছিলেন তরুণ সাংবাদিকদের ভরসার স্থল।
শোকবার্তায় বলা হয়, তার মৃত্যুতে দেশ হারালো এক অভিজ্ঞ, সৎ, মেধাবী সাংবাদিককে যা অপূরণীয় ক্ষতি। তার সাংবাদিকতা জীবন, সাংবাদিকতার উৎকর্ষ সাধনে গৃহীত নানা উদ্যোগ এবং সাংবাদিক সমাজের জন্য গড়ে তোলা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বাংলাদেশের সাংবাদিকতা জগতে স্মরণীয় হয়ে থাকবে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ তার স্মৃতির প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছে।







