রাজধানীর শাহবাগ মোড়সহ সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা, মাইকিং, মানববন্ধন, মিছিল-মিটিং না করার প্রয়োজনীয় পদক্ষেপ চেয়ে একটি লিগ্যাল নোটিস পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, পুলিশ কমিশনার, শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের মেয়র বরাবর সোমবার রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠানো হয়।
আগামী ২৪ ঘন্টার মধ্যে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে হাইকোর্টে রিট করা হবে বলে জানান এই আইনজীবী।
লিগ্যাল নোটিসে আরো উল্লেখ করা হয় যে, শাহবাগ মোড় ও সোহরাওয়ার্দী উদ্যান জনসভা করে মাইকিং করার কারণে শব্দদূষণ হয়। এতে সুপ্রিম কোর্টের স্বাভাবিক কার্যক্রম এবং নিরাপত্তা ব্যাহত হয়।
এছাড়া এ এলাকায় ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বারডেম হাসাপাতাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অসংখ্য হাসাপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে থাকা রোগী ও সাধারণ মানুষের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।








