জয়ের সুবাস নিয়ে পঞ্চম দিন শুরু করা বাংলাদেশের দুই ওপেনার দলীয় ফিফটি পেরিয়ে ১২ রানের ব্যবধানে আউট হন। তৃতীয় উইকেট জুটিতে নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক অবিচ্ছিন্ন থেকে ৪৯ রান যোগ করে বাংলাদেশকে নিয়ে গেছেন ভালো অবস্থানে। ২ উইকেটে ১২২ রান তুলে প্রথম সেশন শেষ করেছে টিম টাইগার্স। জয় থেকে ৬৩ রান দূরে লাল-সবুজের দল, হাতে ৮ উইকেট।
দিনের শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। জাকির হাসান ও সাদমান ইসলামের দারুণ ব্যাটিংয়ে ভর করে জয়ের পথে এগোচ্ছিল। সেখানে কিছুটা ছন্দপতন ঘটে। ৫৮ ও ৭০ রানের মাথায় ফেরেন দুই ওপেনার।
১৮৫ রানের লক্ষ্যে নেমে জাকিরের বিদায়ে ৫৮ রানে ওপেনিং জুটি ভাঙার পর বোর্ডে আর ১২ যোগ করে আউট হন সাদমান। শান্ত ৩৩ ও মুমিনুল ২০ রানে অপরাজিত আছেন।
রাওয়ালপিন্ডিতে শুরুটা ভালো করেন জাকির-সাদমান। কাছাকাছি গেলেও টেস্টে পঞ্চম ফিফটি হাতছাড়া করে গেছেন জাকির। ৩ চার ও ২ ছক্কায় ৩৯ বলে ৪০ রান করে ফিরেছেন। জাকিরকে বোল্ড করেন পাকিস্তান পেসার মীর হামজা।
দুই টেস্টের প্রথমটিতে ১০ উইকেটে জয় পেয়ে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয়টিতে টসে হেরে প্রথম ইনিংসে ব্যাটে নামা স্বাগতিকদের ২৭৪ রানে আটকে দেয় শান্ত বাহিনী। জবাবে লিটনের সেঞ্চুরি ও মিরাজের ফিফটিতে ২৬২ রান তোলে বাংলাদেশ।
১২ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে ১৭২ রানে থামে পাকিস্তান। চতুর্থ দিনে ১৮৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে খেলা বন্ধ হওয়ার আগে ৭ ওভারে ৪২ রান তুলেছিল বাংলাদেশ।








