রাজধানীর শান্তিনগরে টুইন টাওয়ার ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় কেউ হতাহত হয়নি। প্রচণ্ড ধোঁয়ার কারণে আতঙ্কিত মানুষ ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে। এ অবস্থায় অনেকে ভবনের ছাদে আশ্রয় নেয়। তবে, আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
সরেজমিনে দেখা গেছে, রাত একটার দিকে শান্তিগরের বহুতল ভবন টুইন টাওয়ারের এগারো তলার একটি ফ্ল্যাটে হঠাৎই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে আসে।
কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এলেও সৃষ্ট ধোঁয়ায় আতঙ্কিত ভবনের বাসিন্দারা রাস্তায় নেমে আসে। আতঙ্কিতদের একজন বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে এখানে সব ব্যবস্থাই ছিলো কিন্ত এই রাতে কাকে পাওয়া যাবে ভবনের নির্বাপণ ব্যবস্থা তদারকি করতে।’
অনেকে সিঁড়িতে ধোঁয়ার কারণে ভবনের নীচে নামতে না পারায় ভবনের ছাদে আশ্রয় নেয়। অনেকে ঘরের ভেতর আটকা পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করেন। আগুনের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে জানান তারা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মোজাম্মেল হক বলেন, প্রত্যেক ফ্লোরে সার্চ করে করে বের করা হয়েছে, আবার অনেকেই বের হতে চায় না।
আমরা কোনো ফ্লোরে আহত বা নিহত কাউকেই পাই নাই বলে জানান তিনি।
অগ্নিকাণ্ডের ফলে সৃষ্ট ধোঁয়ার কারণে এক নারী অসুস্থ হয়ে পড়লে তাকে সাথে সাথেই হাসপাতালে পাঠানো হয়।







