২২তম ইনিংসে প্রথম ওয়ানডে সেঞ্চুরি করলেন নাজমুল হোসেন শান্ত। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বড় রান তাড়ায় মাত্র ৮৩ বলে তিন অঙ্কে পৌঁছান। ১১ চার, ২ ছয়ের ইনিংসে জয়ের পথও তৈরি করে ফেলেছে বাংলাদেশ।
দুর্দান্ত ব্যাট করতে থাকা তাওহীদ হৃদয় ফেরেন শান্ত সেঞ্চুরি করার পরই। ১৩১ রানের চতুর্থ উইকেট জুটি ভাঙেন জর্জ ডকরেল।
সাকিব আল হাসান আউট হওয়ার পর আগ্রাসী ব্যাটিং করতে থাকেন শান্ত ও হৃদয়। টি-টুয়েন্টি স্টাইলে খেলে দলকে নিয়ে যান আড়াইশর কাছে।
এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৩৪ ওভারে ৪ উইকেটে ২৩২ রান। ১১ ওভারে করতে হবে আরও ৮৮।
দলীয় একশ পেরোনোর পর আগ্রাসী হতে গিয়ে সাকিব ফেরেন সাজঘরে। ২৭ বলে করেন ২৬ রান।
৪৫ ওভারে ৩২০ রান তাড়ায় বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দলীয় সংগ্রহ পঞ্চাশ পেরোনোর আগেই সাজঘরে দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। ১৩ বলে ৭ রান করে শুরুতেই ফেরেন তামিম। ফ্লিক করতে শর্ট মিডউইকেটে ধরা পড়েন বাংলাদেশ অধিনায়ক। দলীয় সংগ্রহ তখন মোটে ৯।
লিটন ঝড়ো ইনিংসের আভাস দিয়ে ফেরেন ২১ রান করে। দলের রান তখন ৪০। লিটনের ২১ বলের ইনিংসে মারেন দুটি চার ও একটি বিশাল ছক্কা।
টস হেরে ব্যাট করতে নামা আয়ারল্যান্ড শুরুতে হাসান মাহমুদের পেস তোপে রীতিমতো কাঁপছিল। দুই ওপেনারকে ফিরিয়ে দেন দ্রুতই। ১৬ রানে ২ উইকেট হারানো দল অবশ্য ৪৫ ওভারের ম্যাচে ছাড়িয়ে গেছে তিনশ। হ্যারি টেক্টরের ১৪০ রানের ইনিংস আর জর্জ ডকরেলের ৭৪ রানের ক্যামিও স্বাগতিকদের নিয়ে গেছে রানের চূড়ায়।
চেমসফোর্ডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নেমে ৪৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩১৯ রান তুলেছে আয়ারল্যান্ড। ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ আইরিশদের।
ওয়ানডেতে চতুর্থ সেঞ্চুরি পান টেক্টর। ক্যারিয়ারসেরা ইনিংসটি খেলে মাত্র ১১৩ বলে। মারেন দশটি ছয়, ৭টি চার। ডকরেল ৪৭ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন। মার্ক অ্যাডায়ার ৮ বলে ২০ রানের অপরাজিত ইনিংস খেলে দলের সংগ্রহ আরও বড় করেন। শেষ ৯.১ ওভারে ১১৯ রান তোলে আয়ারল্যান্ড।








