পূর্ব ঘোষণা অনুযায়ি শুটিং শুরু হলো ঢালিউড শীর্ষ তারকা শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘লিডার: আমি বাংলাদেশ’ এর। মঙ্গলবার রাজধানীর উত্তরার একটি শুটিং বাড়িতে সকাল থেকে শুরু হয়েছে সিনেমাটির শুটিং।
দুপুর ১টার দিকে ফিতা কেটে সিনেমাটির শুটিংয়ে নামেন শাকিব খান। জনপ্রিয় এ তারকা ছাড়াও উপস্থিত ছিলেন সিনেমাটির নায়িকা বুবলী। আরও ছিলেন অভিনেতা ফখরুল বাশার, মিলি বাশার।
তপু খানের পরিচালনায় ‘লিডার: আমিই বাংলাদেশ’ প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া। প্রযোজক আশিকুর রহমান বলেন, আজ থেকে শুটিং শুরু হলো। ৩০ দিন শুটিং হবে। করোনা পরিস্থিতি অনুকূলে থাকলে কোরবানির ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
গেল শুক্রবার ‘লিডার: আমিই বাংলাদেশ’ এর ফার্স্টলুক সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্যান্য মাধ্যমে প্রকাশ হওয়ার পর থেকে মন্তব্যের ঘরে বইতে থাকে প্রশংসার বন্যা। যেখানে শাকিব খানকে দেখা যায় প্রতিবাদী রূপে।
চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁও বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে সাংবাদিক সম্মেলনে নতুন চলচ্চিত্র ‘লিডার, আমিই বাংলাদেশ’-এর সাইনিং অনুষ্ঠিত হয়। সেখানে পরিচালক তপু খান এবং বাংলা চলচ্চিত্রের আলোচিত জুটি শাকিব খান ও বুবলীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন হয়।








