আগামী ২৪ ফেব্রুয়ারি চীনের বাজারে লঞ্চ হচ্ছে দেশটির বিখ্যাত স্মার্টফোন নির্মাতা শাওমির সর্বশেষ মডেল এমআই৫ স্মার্টফোনটি। আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই ফোনটির ফিচার সম্পর্কে বেশ কিছু আভাস দিয়েছে কোম্পানিটি। জানিয়েছে, নতুন স্মার্টফোনটি পাওয়া যাবে ৪টি ভিন্ন রূপে।
প্রতিষ্ঠানটির দেয়া তথ্য অনুসারে, শাওমি এমআই৫ এর দু’টি ভার্সন হবে সম্পূর্ণ মেটাল বডির, আর অন্য দু’টি কাঁচের। মেটাল বডির একটি ফোনে থাকবে ৩ জিবি র্যাম ও ৩২ জিবি ইন্টারনাল মেমোরি, যার দাম হতে পারে বাংলাদেশী মুদ্রায় প্রায় সাড়ে ২৬ হাজার টাকা।
অন্যটিতে থাকবে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং এর দাম ধরা হতে পারে প্রায় ৩১ হাজার টাকা।
অন্যদিকে এমআই৫ গ্লাস মডেলের একটিতে হাই রেজ্যুলেশন টুকে কিউএইচডি ডিসপ্লের পাশাপাশি থাকবে ৪ জিবি র্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। দ্বিতীয়টিতে বাকি সব ফিচার একই রকম রেখে শুধু স্টোরেজ বাড়িয়ে ৬৪ জিবি করা হবে। প্রথম সেটটির দাম বাংলাদেশী মুদ্রায় প্রায় সাড়ে ৩৩ হাজার টাকা এবং পরেরটির ৩৭ হাজার টাকা ধরা হতে পারে।
এছাড়াও এমআই৫ মডেলের প্রতিটি ফোনেই কোয়ালকমের সর্বশেষ প্রসেসর স্ন্যাপড্রাগন ৮২০ ব্যবহার করা হবে। ডিসপ্লে হবে ৫.২ ইঞ্চি ফুল এইচডি বা কিউএইচডি রেজ্যুলেশনের।
ফোনগুলোতে ‘কুইকচার্জ’ প্রযুক্তিসহ ৩৬০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি এবং সামনে ১৩ মেগাপিক্সেল ও পেছনে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে বলেও শোনা যাচ্ছে।
তথ্যগুলো প্রকাশিত হয়েছে চীনভিত্তিক টেক ওয়েবসাইট ‘গিজমোচায়না’তে।






