শহীদজায়া ফাতিমা বেগম শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকা মিরপুরে তার বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ, কাজী শামসুল হকের স্ত্রী এবং ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. কাজী সাইফুদ্দীনের মা।
তাদের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার সরূপকাঠী থানাধীন আকলম গ্রামের কাজী বাড়ি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
মরহুমার আমেরিকা প্রবাসী কন্যার জন্য তার লাশ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। প্রবাসী কন্যা দেশে আসার পর তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শাহীন এবং ঢাকা মহানগরের সভাপতি জোবায়দা হক অজন্তা শহীদ জায়া ফাতিমা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তারা মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।










