হাড়ভাঙা সমস্যার কারণে গত এক সপ্তাহ যাবৎ রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন শহীদ জননী মেহেরজান বিবি। অপারেশন সফল হলে তিনি হাঁটা চলা করতে পারবেন বলে আশাবাদী চিকিৎসকরা। শহীদ জননী মেহেরজান বিবির চিকিৎসার সকল খরচই বহন করছে হাসপাতাল কর্তৃপক্ষ।
১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে মেজর স্বামী আর ৬ সন্তানকে হারিয়েছেন মেহেরজান বিবি। স্বামী-সন্তান হারা এই নারীকে একসময় ভিক্ষাবৃত্তিও করতে হয়েছে। পড়ে গিয়ে ৯০ বছর বয়সী মেহেরজানের কোমরের নিচের অংশের হাড় ভেঙে যাওয়ায় এখন চিকিৎসাধীন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে।
মেহেরজান বিবির বেঁচে থাকা দুই ছেলের একজন রিকশাচালক, অন্যজন দর্জি। মায়ের চিকিৎসার ব্যয়ভার গ্রহণের সামর্থ্য তাদের নেই। চিকিৎসকরা বলছেন-সব ঠিক থাকলে আগামী শনিবার মেহেরজান বিবির অপারেশন করা হবে।
২০০৯ সালে মেহেরজান বিবির ভিক্ষাবৃত্তির বিষয়টি নজরে আসে ফেনী জেলা প্রশাসনের। তারপর থেকে জেলার ধর্মপুর আবাসন প্রকল্পে পুনর্বাসন কেন্দ্রে রাখা হয় তাকে।
দেখুন নিচের ভিডিও রিপোর্টে:







