নয় নম্বরে ব্যাটিংয়ে নেমে ৭০ রানের দুর্দান্ত ইনিংস খেলে মধ্যাঞ্চলকে ৩২৮ রানের লড়াকু পুঁজি এনে দিয়েছেন মোহাম্মদ শরীফ। আবার বল হাতে প্রতিপক্ষের ৪ উইকেট তুলে নিয়েছেন এই পেসার। তার অলরাউন্ড নৈপুণ্যে ফতুল্লায় বিসিএলের চতুর্থ রাউন্ডের ম্যাচে ধুঁকছে পূর্বাঞ্চল।
দ্বিতীয় দিন শেষে ৬ উইকেট হারিয়ে ১১৪ রান তুলেছে পূর্বাঞ্চল। যার ৪টিই নিয়েছেন শরীফ। কামরুল ইসলাম রাব্বি ও মোশাররফ হোসেন রুবেল নিয়েছেন একটি করে উইকেট।
খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ৭ উইকেটে ২৩২ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে মধ্যাঞ্চল। শেষ তিন উইকেটে আরও ৯৬ রান যোগ করে দলটি। ১০২ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় ৭০ রানের ইনিংস খেলে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন শরীফ।
আগের দিন ৪ উইকেট নেয়া আবু জায়েদ রাহি এদিন আরও একটি উইকেট পান। ২৯ ওভার বোলিং করে ৭৭ রানে ৫ উইকেট নেন এই পেসার। সাকলাইন সজীব ও আফিফ হোসেন দুটি, আবুল হাসান রাজু নেন একটি করে উইকেট।







