শরণার্থী বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভিন্নমত পোষন করেছেন। তবে সীমান্ত নিরাপত্তা, দ্বিপাক্ষিক বাণিজ্য, শিল্প উৎপাদন বাড়ানোর পাশাপাশি চাকুরির ব্যবস্থার ক্ষেত্রে একমত হয়েছেন দুই নেতা।
সোমবার ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প এবং ট্রুডোর বৈঠকে দু’দেশের সম্পর্ক উন্নয়নসহ নানা বিষয়ে আলোচনা হয়।
এসময় মার্কিন প্রেসিডেন্ট ৭টি মুসলিম প্রধান দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারির স্বপক্ষে অবস্থান নেন। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রকে যারা ভালবাসে তাদের জন্য দরজা সব সময়ই খোলা। যারা যুক্তরাষ্ট্রের ক্ষতি করতে চায়, তাদেরকে কোনোমতেই প্রবেশ করতে দেয়া হবে না।
গত বছর ৪০ হাজার শরণার্থী গ্রহণের ঘোষণা দিয়ে বিশ্বব্যাপী প্রশংসা পাওয়া জাস্টিন ট্রুডো যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞার সমালোচনা না করে বলেন, প্রতিটি দেশেরই নিজস্ব প্রশাসনিক নীতি রয়েছে।
এ দিন ক্যাপিটল হিলে নারী উদ্যোক্তাদের নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং ইভাঙ্কা ট্রাম্প উন্নয়ন সেমিনারে অংশ নেন।










