শনিবার বঙ্গভবনে যাবেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আবদুল হামিদের আমন্ত্রণে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি।
এ বিষয়ে প্রধান বিচারপতির একান্ত সচিব মোহাম্মদ আনিসুর রহমান সাংবাদিকদের জানান, দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে রাষ্ট্রপতির আমন্ত্রণে শনিবার প্রধান বিচারপতি বঙ্গভবনে যাবেন। এসময় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতারা সেখানে উপস্থিত থাকবেন।
গত ৮ সেপ্টেম্বর কানাডা ও জাপান সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার পর ২৩ সেপ্টেম্বর দেশে ফিরেন প্রধান বিচারপতি। প্রথমে তিনি তার অসুস্থ মেয়েকে দেখতে কানাডায় গিয়েছিলেন। এরপর গত ১৭ সেপ্টেম্বর তিনি কানাডা থেকে জাপান যান এবং এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান বিচারপতিদের সম্মেলনে যোগ দেন। এরপর গত শনিবার রাত পৌনে ১১টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে প্রধান বিচারপতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।







