শত চেষ্টা করলেও বাংলাদেশকে আর পাকিস্তানি ধারণায় ফেরত নেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় যাদুঘর মিলনায়তনে ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতির উদ্যোগে আয়োজিত সভায় এসব কথা বলেন সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি আরো বলেন, নির্বাচন সামনে রেখে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের আশঙ্কা রয়েছে। তিনি বলেন, ৪৭ আর একাত্তরের চেতনা এক নয়। ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা এবং দেশি-বিদেশি কূটনীতিকদের উপস্থিতিতে কাদের বলেন, তরুণদের বিভ্রান্ত না করতেও বিএনপিসহ স্বাধীনতা বিরোধীদের হুঁশিয়ার করেন তিনি। তার মতে, নির্বাচন সামনে রেখে গড়া জোট মানেই আদর্শের পরিবর্তন নয়।
কাদের বলেন: শুধু পারমানবিক অস্ত্র ছাড়া অন্য সকল সূচকে পাকিস্তানের চেয়ে এগিয়ে আছি আমরা। আমাদের পারমানবিক বোমা দরকার নেই। আমাদের পরমাণু বোমা হচ্ছে আমাদের জনগণ, আমাদের তরুণ সমাজ।
সাম্প্রতিক সময়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দেওয়া বক্তব্য আওয়ামী লীগ পাকিস্তানি কায়দায় দেশ চালাচ্ছেন এমন কথার জবাবে এসব কথা বলেন তিনি। মন্ত্রী তার বক্তব্যে পাকিস্তানের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সূচক, গড় আয়ু, নারী শিক্ষার হার তুলে ধরে বলেন, আমরা পাকিস্তানি কায়দায় দেশ চালালেও সব সূচকে পাকিস্তানের চেয়ে এগিয়ে আছি।







