মাদারীপুরে দুর্বৃত্তদের কোপে আহত কলেজ শিক্ষক রিপন চক্রবর্তী এখন অনেকটা সুস্থ হয়ে উঠেছেন। তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার কথা বলা নিষেধ রয়েছে।
নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। এর আগে তার সিটিস্ক্যান করা হয়।
সকালেই জ্ঞান ফিরে আসে রিপন চক্রবর্তীর। এ সময় তিনি তার স্ত্রী প্রভাষক মণিমালা রায়কে বলেছেন, তিনজন লোক তাকে কলেজ গেট থেকে অনুসরণ করছিল। তাদের কাঁধে কলেজ ব্যাগ ছিলো। সবাইকে কলেজ ছাত্র ভেবেছিলেন তিনি। এরপর তিনি যখন বাসার দরজার তালা খুলছিলেন তখন পিছন থেকে তারা তার উপর হামলা চালায়।
শিক্ষক রিপন চক্রবর্তী বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ থেকে গত বছর আগস্ট মাসে মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজে যোগ দেন।
গতকাল ১৫ জুন বাসার সামনে রিপন চক্রবর্তীকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা।
ঘটনার জড়িত সন্দেহে এক শিবির কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।










