এএফসি অনূর্ধ্ব ১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে ইয়েমেনের বিপক্ষে ০-২ গোলে হেরে গেছে বাংলাদেশ। এই ইয়েমেন নিজেদের প্রথম ম্যাচে কাতারকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছিল।
কাতারের তুলনায় বাংলাদেশ বেশি লড়াকু ফুটবল খেলেছে। প্রথমার্ধের শেষ দিকে এক গোল খাওয়ার পর বাংলাদেশ ম্যাচে ফেরার বেশ চেষ্টা চালায়। ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগ পর্যন্ত সমতায় ফেরার লড়াই চালিয়ে যায় পারভেজ বাবুর ছেলেরা। এর ভেতর ওই শেষ মিনিটে আরেকটি গোল হজম করতে হয় তাদের।
এক সময় ইয়েমেনের সঙ্গে বাংলাদেশের খুব একটা পার্থক্য ছিল না। যেকোনো পর্যায়ে দুদলের একমাত্র দেখা হয় ১৯৯৪ সালে। স্বাধীনতা কাপে। সেবার ১-০ গোলে জিতেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু সেই ইয়েমেন এখন ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৬৮ ধাপ উপরে!
সংযুক্ত আরব আমিরাত, টুর্নামেন্টে অংশগ্রহণ করতে না পারায়, বাংলাদেশের আগের ম্যাচটি বাতিল হয়ে যায়।
কোচ পারভেজ বাবু ছেলেদের নিয়ে স্টেডিয়ামে হাজির হয়ে কাতার-ইয়েমেনের লড়াই দেখেছিলেন। যাতে প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা সম্পর্কে একটু ধারণা পাওয়া যায়।
এদিন প্রথম থেকেই গতিময় ফুটবল খেলতে থাকে ইয়েমেন। প্রথমার্ধে এক গোল করার পর রক্ষণে নজর দেয়ার পাশাপাশি মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা। বাংলাদেশ বার কয়েক কাউন্টার অ্যাটাক থেকে সুযোগ সৃষ্টি করলেও জাল পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়নি।
বাছাই পর্বের প্রতিটি গ্রুপের শীর্ষ ১৫ দল ২০১৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টের মূল পর্বে খেলবে।








