লড়াইয়ে ফিরল বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জয়ের উদযাপন করছে, হাসি ও উল্লাসে ভরা মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ
প্রথম সেশনের হতাশা কেটে গেল লাঞ্চ বিরতির পরই। দুই ওভারে বিদায় নিলেন সাউথ আফ্রিকার দুই ওপেনার। ৩২ ওভার পর বাংলাদেশ পায় জোড়া সাফল্য। পরে মেহেদী হাসান মিরাজ দুর্দান্ত ফিল্ডিং ও থ্রোয়ে রান আউট করেন আরও এক প্রোটিয়া ব্যাটারকে। দ্বিতীয় সেশনে বাংলাদেশ তুলেছে তিন উইকেট।
৩৩ রানের মধ্যে সাজঘরে ফিরেছেন সাউথ আফ্রিকার তিন ব্যাটার। অথচ ওপেনিং জুটিতেই তারা পেরিয়েছে একশর মাইলফলক। ডারবান টেস্টের প্রথম দিনের চা বিরতি পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ১৬৫ রান। খেলা হয়েছে ৫৩ ওভার।
দিনের খেলা শেষ হতে বাকি আরও ৩৭ ওভার। বাংলাদেশের হয়ে প্রথম আঘাতটি হানেন খালেদ আহমেদ। ডিন এলগারকে ফিরিয়ে স্বস্তি এনে দেন। ১১৩ রানের মাথায় প্রথম উইকেট হারানো প্রোটিয়াদের আরেক ওপেনার সারেল এরউইকে সাজঘরের পথ দেখান মিরাজ।
ম্যাচের ৩৩.২ ওভারে খালেদের বলে উইকেটের পেছনে লিটনের অসাধারণ ক্যাচ হন এলগার। ১০১ বলে ৬৭ রান করে ফেরেন স্বাগতিক অধিনায়ক। পরের ওভারেই মিরাজের ঘূর্ণিতে পরাস্ত হন এরউই, হন বোল্ড। তার ব্যাট থেকে আসে ১০২ বলে ৪১ রান।
মিরাজ পরে পয়েন্ট থেকে দৌড়ে কাভারে গিয়ে ডান দিকে ঝাঁপিয়ে পড়ে সরাসরি থ্রোয়ে কেগান পিটারসেনকে রান আউট করেন। ডানহাতি ব্যাটার করেন ১৯ রান। দেড়শর আগেই তিন উইকেট হারায় সাউথ আফ্রিকা। স্বস্তি নিয়েই এবার বিরতিতে গেছে মুমিনুল হকের দল। শেষ সেশনে যারা ভালো করবে দিনশেষে তারাই এগিয়ে যাবে সিরিজের প্রথম টেস্টে।






