নওগাঁয় ল্যাদা পোকার আক্রমণে শত শত বিঘা জমির রবি ফসল নষ্ট হয়ে গেছে। এ নিয়ে বিপাকে পড়েছেন প্রায় ১০-১২ গ্রামের কৃষক। তারা বলছেন, এই সংকটে তেমন কোন উদ্যোগ নেয়নি কৃষি বিভাগ।
আবহাওয়া ভালো থাকায় নওগাঁয় চলতি রবি মৌসুমে প্রায় এক লাখ হেক্টর জমিতে আবাদ হয়েছে আলু, সরিষা, পেঁয়াজ, ভুট্টা, ডাল, গম, পেঁয়াজসহ বিভিন্ন রবি শস্য।
শুরুতে ক্ষেতে কোনো রোগবালাই দেখা না গেলেও কয়েকদিন ধরে উপজেলার আদর্শপুর, মির্জাপুর, ভবানীপুর, রসুলপুর, হাতিয়াপাড়া, মাগুরাপাড়া, কয়সা, আকবরপুরসহ ১০/১২টি গ্রামের প্রায় এক হাজার বিঘা জমির ফসল নষ্ট করে দিয়েছে ল্যাদা পোকা।
কৃষকরা বলছেন,‘ল্যাদা পোকা এবার আমাদের ফসল সব শেষ করে ফেলেছে। মসুর-মুগ থেকে শুরু করে সব ধরনের ফসলে ল্যাদা পোকা আক্রমণ করেছে। এখন আমারা বাধ্য হয়ে ফসল কেটে গুরুকে খাওয়াচ্ছি।’
ল্যাদা পোকা রাতে মাটির নীচ থেকে বের হয়ে সারারাত ফসল খেয়ে সূর্য ওঠার আগেই আবার মাটির নীচে চলে যায়।
কৃষক বলছেন,‘ এ পোকা গুলো সন্ধ্যার পর বাইরে বের হয়। সারা রাত ফসলের ক্ষতি করে আবার দিনের আলো ফুটতেই মাটির নিচে চলে যায়। যে গুলো বাইরে থাকে সেগুলো নিয়ে গিয়েই আপাতত ঔষধ এনে দেওয়া হচ্ছে।’
কৃষি বিভাগ পোকা দমনে শুধু কীটনাশকের নাম জানিয়েই দায়িত্ব শেষ করছে বলে অভিযোগ কৃষকের।
এ প্রসঙ্গে নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক সত্যব্রত সাহা বলেন, ‘এব্যাপারে উপজেলা ও ব্লক পর্যায়ে কৃষি কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া আছে। তারা কৃষকের পাশে থেকে পোকা দমন করবে।
সরকারের কাছে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহজ শর্তে ব্যাংক ঋণ দেয়ার দাবি জানানো হয়েছে।







