ইংলিশ প্রিমিয়ার লিগে আগের দুই ম্যাচে প্রতিপক্ষের জালে দুই হালি করে গোল জড়িয়ে ১১০ বছরের সেরা শুরু করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড! গোলের ক্ষেত্রে সেই দুই ম্যাচের ধারাবাহিকতা ধরে রাখতে না পারলেও টানা জয় তুলে নিয়েছে রেড ডেভিলরা। লেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়েছে হোসে মরিনহোর দল।
শনিবার রাতে ওল্ড ট্রাফোর্ডে জমাট রক্ষণে স্বাগতিকদের বেশ ভালোভাবেই আটকে রেখেছিল সফরকারী লেস্টার। ৬৯ মিনিট পর্যন্ত ম্যানইউকে তাদের গোল মুখ খুঁজে পেতে দেয়নি ক্রেইগ শেক্সপিয়ারের শিষ্যরা।
ম্যাচের ৫৩ মিনিটে স্পটকিক মিস করেছের রোমেলু লুকাকু। পরে বারবার লেস্টার রক্ষণে আটকে যাওয়া ম্যানইউ প্রথম গোলের দেখা পায় ৭০ মিনিটে। পল পগবার হেড থেকে পাওয়া বলে দুরূহ কোণ থেকে শটে গোল করে স্বাগতিক দর্শকদের আনন্দে ভাসান মার্কাস রাশফোর্ড।
গোল খেয়েই রক্ষণে ধস নামে লেস্টারের। লিনগার্ডের পাসে প্রতিপক্ষের অফসাইডের ফাঁদ এড়িয়ে ৮২ মিনিটে দলকে জয় নিশ্চিত করা গোলটি এনে দেন বদলি খেলোয়াড় মারোয়ান ফেলাইনি।








