আসছে সেপ্টেম্বরে লন্ডনে বসতে চলা লেভার কাপের পঞ্চম আসরে ফের চমক। দ্বিতীয়বারের মতো জুটি বেধে টেনিস প্রতিযোগিতাটিতে খেলার সিদ্ধান্ত জানিয়েছেন দুই কিংবদন্তি রাফায়েল নাদাল ও রজার ফেদেরার।
হাঁটুর চোটে অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে পারেনি সুইস ফেদেরার। সুযোগ কাজে লাগিয়ে রেকর্ড ২১তম গ্র্যান্ড স্লামের স্বাদ নিয়েছেন স্প্যানিশ নাদাল।
চোট কাটিয়ে লেভার কাপে নাদালের সঙ্গে জুটি গড়বেন বলে জানিয়ে দিয়েছেন ফেড-এক্স। ২০১৭ সালে একই টুর্নামেন্টে জুটি বেধেছিলেন দুজনে। গত আসরে দুজনের কেউই অংশ নেননি। চলতি আসরে ইউরোপের হয়ে প্রতিনিধিত্ব করবেন তারা।
‘আমি এ বছরের শেষদিকে প্রতিযোগিতায় ফিরতে উন্মুখ। লেভার কাপ আমার পরিকল্পনার অংশ। নাদাল আমাকে গত বছর বার্তা দিয়েছিলেন সে আবারও আমার সাথে লেভার কাপে মাঠে নামতে চায়।’ বলেছেন ফেদেরার।
ফেদেরারের সাথে জুটি বাধতে রোমাঞ্চিত নাদালও। ক্যারিয়ারের শেষবেলায় রাঙাতে চান টেনিসকে।
‘যদি আমরা জুটি হিসেবে আরও একবার কোর্টে অংশ নিতে পারি, তাহলে আমাদের ক্যারিয়ারের শেষবেলায় এটি হবে বিশেষ অভিজ্ঞতা।’
গত রোববার মেলবোর্ন পার্কে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ড্যানিল মেদভেদেভকে হারিয়ে ফেদেরার ও নোভাক জোকোভিচকে পেছনে ফেলে রেকর্ড ২১ বারের মতো গ্র্যান্ড স্লাম উঁচিয়ে ধরেছেন নাদাল।








